শনিবার, ২৩ মে ২০২৬

সবশেষ

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে ইরানের খোঁচা

নারায়ণগঞ্জের একটি খামারের অ্যালবিনো মহিষকে ঘিরে তৈরি হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় এবার যোগ দিয়েছে ইরানও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিল থাকায় রসিকতা করে ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম দেওয়া মহিষটিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছে রাশিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস।

দূতাবাসটি তাদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে লিখেছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’ পোস্টের সঙ্গে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করা হয়। সেখানে বলা হয়, দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে মহিষটি নাকি আগের তুলনায় কম খাওয়া-দাওয়া করছে।

এর আগে, ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ মহিষটিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড বা প্রায় ৬৮০ কেজি ওজনের এই মহিষ এখন সামাজিক যোগাযোগমাধ্যমের এক অদ্ভুত তারকায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিও মহিষটির ছবি প্রকাশ করেছে।

ঢাকার কাছের নারায়ণগঞ্জে খামারি জিয়া উদ্দিন মৃধার খামারেই রয়েছে চার বছর বয়সি এই অ্যালবিনো মহিষ। তিনি জানান, মহিষটির মাথার সোনালি-সাদা চুলের স্টাইল দেখেই তাঁর ছোট ভাই মজা করে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি রাখেন।

৩৮ বছর বয়সি জিয়া উদ্দিন বলেন, গত মে মাসজুড়ে প্রতিদিনই মানুষ ভিড় করছেন মহিষটিকে দেখতে। আশপাশের এলাকা ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দূরদূরান্ত থেকেও অনেকে খামারে আসছেন। বিশেষ করে শিশুরা মহিষটিকে দেখতে বেশ আগ্রহ দেখাচ্ছে।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই মহিষকে নিয়েই শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হবে বলে জানিয়েছেন মালিক। সামনে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে মিস করব অবশ্যই। কিন্তু কোরবানির মূল শিক্ষাই হলো ত্যাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *