শনিবার, ২৩ মে ২০২৬

সবশেষ

ঈদযাত্রার শুরুতে ৫ জেলায় সড়কে ঝড়ল ১২ প্রাণ

ঈদযাত্রার শুরুতেই দেশের বিভিন্ন মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা। ঘরমুখো মানুষের চাপ বাড়ার মধ্যেই শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার ভোরে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়। একই সঙ্গে সড়ক ও নৌপথেও রাজধানী ছাড়তে শুরু করেন হাজারো মানুষ। তবে যানবাহনের বাড়তি চাপের মধ্যেই বিভিন্ন এলাকায় ঘটতে থাকে দুর্ঘটনা।

সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে কুষ্টিয়ার খোকসায়। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গি এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। এতে এক নারীসহ চারজন নিহত হন। আহত হন অন্তত ২০ যাত্রী। আহতদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে রাফিয়া (১৫) ও নাবিল (২৮) নামে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

দিনাজপুরের ঘোড়াঘাটেও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন তরুণ নিহত হন। নিহতরা হলেন কাইয়ুম মিয়া (২০), সৈকত (১৫) ও আলামিন (১৫)। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর হেলপারকে আটক করেছে পুলিশ।

যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া এলাকায় কাভার্ডভ্যান, ভ্যান ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। নিহতদের মধ্যে ইজিবাইকচালক আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪) ও আনোর আলী (৭০) রয়েছেন। একই ঘটনায় এক শিশুসহ আরও দুজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হতে গিয়ে দূরপাল্লার বাসের চাপায় নিহত হন পথচারী খোকন ব্যাপারী (৪৮)। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করছে।

এদিকে গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা ও পরে বাসের আঘাতে নিহত হন পিকআপচালক নাসির উদ্দিন (৪৫)। আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বাড়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। বিভিন্ন মহাসড়কে নজরদারি জোরদার ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *