পর্তুগালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা ১০ দিন কোমায় থাকার পর মারা গেছেন বাংলাদেশি তরুণ রাহাত। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লিসবনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও পর্তুগালপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে।
নিহত রাহাতের বাড়ি গাজীপুরের শিমুলতলী এলাকায়। গত ৪ নভেম্বর স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পর্তুগালে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত লিসবনের একটি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে টানা ১০ দিন কোমায় ছিলেন রাহাত। শেষ পর্যন্ত চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রাহাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, আত্মীয়স্বজন ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্বজনদের কাছে তার এই আকস্মিক চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি।
এদিকে, বাংলাদেশি এই তরুণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এক শোকবার্তায় দূতাবাস শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
শোকবার্তায় দূতাবাস উল্লেখ করে, প্রিয়জনদের ছেড়ে হাজার মাইল দূরে প্রবাসজীবন কাটানো মানুষের কাছে এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যেই একটি পরিবারের স্বপ্ন ভেঙে দিতে পারে এবং অসংখ্য মানুষের প্রিয়জনকে কেড়ে নিতে পারে।
দূতাবাসের পক্ষ থেকে মরহুম রাহাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তার জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান এবং শোকাহত পরিবারকে এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ও শক্তি দেওয়ার প্রার্থনা জানানো হয়েছে।








