রবিবার, ২৪ মে ২০২৬

সবশেষ

পাঁচ থেকে সাত দিনের ভেতরে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিশেষ আদালতের মাধ্যমে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচারকার্য শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি অপরাধের কথা স্বীকার করেন এবং সহযোগী হিসেবে নিজের স্ত্রীর নামও উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে তাকেও আটক করা হয়েছে।

তিনি বলেন, মামলার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রুত আদালতের অনুমতি নিয়ে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয় এবং তিন দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া গেছে। পাশাপাশি পোস্টমর্টেম রিপোর্টও হাতে এসেছে। এসব তথ্য-উপাত্ত একত্র করে চার্জশিট তৈরির কাজ শনিবার রাতেই শেষ হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, আদালতে চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বা চলমান রয়েছে। আদালতের ছুটির বিষয়টি সামনে থাকলেও, শুধুমাত্র এই মামলার বিচার এগিয়ে নিতে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে।

রামিসা হত্যা প্রসঙ্গে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো অপরাধ সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবনতি এবং অপসংস্কৃতির প্রভাব সমাজে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

তিনি বলেন, সরকার অপরাধ দমনে আইনি ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। দ্রুত আসামি শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার ক্ষেত্রে গত কয়েক মাসে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *