দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮-এ।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত হামসংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় সবচেয়ে বেশি ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে দুইজন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৪২ শিশু। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৮৬ শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৬৩ হাজার ৮১৩ শিশুর মধ্যে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৫০ হাজার ৫৫৮ জনকে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ হাজার ২১৪ শিশু।
এদিকে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। রাজধানীতে নাট্য সংগঠন ‘প্রাচ্যনাট’ শিশুদের প্রতীকী মরদেহ বহন করে ‘শিশুমর্গ’ নামে একটি প্রতিবাদী পরিবেশনা আয়োজন করে।








