কোরবানির ঈদ ঘিরে প্রবাসীদের পাঠানো অর্থে চলতি মে মাসে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে রেমিট্যান্স প্রবাহ। মাসের প্রথম ২৩ দিনেই দেশে এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় অনেকটাই বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, মে মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ২৬ শতাংশ বেশি।
ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিদেশে থাকা বাংলাদেশিরা পরিবার-পরিজনের খরচ মেটাতে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক প্রভাব পড়ছে।
এর আগে এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
এ ছাড়া ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। গত ডিসেম্বরে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, আর নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে দেশে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে আসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।
সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।








