বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সবশেষ

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে সরকারের গঠিত তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করে।

তিনি বলেন, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল এবং বৃহস্পতিবার বিকেলে সেই প্রতিবেদন মন্ত্রণালয়ের হাতে পৌঁছেছে। তদন্তে হাসপাতালের ব্যবস্থাপনা ও সেবাদান প্রক্রিয়ায় একাধিক গুরুতর ত্রুটি উঠে এসেছে।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তদন্ত দল হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষ নম্বর-২ পরিদর্শন করে দেখতে পায়, ভবনটির অবকাঠামো হাসপাতাল পরিচালনার জন্য যথাযথ নয়। বিশেষ করে সংশ্লিষ্ট কক্ষে দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। একই সঙ্গে সেখানে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারীরা দায়িত্বপ্রাপ্ত সেবিকা, পরিচ্ছন্নতাকর্মী এবং নিহত নবজাতকদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তাদের বক্তব্য ও তথ্য-উপাত্ত পর্যালোচনার পর কমিটি সিদ্ধান্তে পৌঁছায় যে, দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট সেবিকাদের মধ্যে চরম অবহেলা এবং প্রয়োজনীয় সহযোগিতার ঘাটতি ছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষের দায় স্পষ্টভাবে উঠে এসেছে, তাই প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটির পর স্বাস্থ্য খাতে হাসপাতালগুলোর নিরাপত্তা, অবকাঠামোগত সক্ষমতা এবং নিবিড় পরিচর্যা ব্যবস্থার মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *