বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সবশেষ

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

চলতি জুন মাসের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ কিছুটা কম হলেও পুরো অর্থবছরের হিসাব বলছে, রেমিট্যান্স অর্জনে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ তথ্য প্রকাশ করেন।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, জুনের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত মোট ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন ডলার দেশে এসেছে। এর মধ্যে শুধু ৩ জুন একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১১৬ দশমিক ৩১ মিলিয়ন ডলার।

তবে মাসের শুরুতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা শ্লথগতি দেখা গেছে। কারণ, গত বছরের একই তিন দিনে দেশে এসেছিল ৬০৩ দশমিক ৫১ মিলিয়ন ডলার। সেই তুলনায় এবার প্রবাহ প্রায় ২০ শতাংশ কমেছে। হিসাব অনুযায়ী, কমার হার ১৯ দশমিক ৯৬ শতাংশ।

অন্যদিকে, সামগ্রিক অর্থবছরের চিত্র অনেকটাই ইতিবাচক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩ জুন পর্যন্ত দেশে মোট ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৫ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, মাসভিত্তিক ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত বহন করছে। বিশেষ করে চলতি অর্থবছরে ৩৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসা প্রবাসীদের অবদানের শক্তিশালী উপস্থিতিকেই তুলে ধরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *