শনিবার, ৬ জুন ২০২৬

সবশেষ

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে জারি করা শোকজের সন্তোষজনক জবাব না পেলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, জনস্বার্থ এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। তাই নির্ধারিত সময়ের মধ্যে জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী আরও জানান, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত দায় নির্ধারণ করে ব্যবস্থা নেওয়া হবে, ভুক্তভোগীদের দাবি যাই থাকুক না কেন, তা প্রক্রিয়াগতভাবে মূল্যায়ন করা হবে।

এ সময় তিনি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন নিয়েও কথা বলেন। গ্রাম থেকে উপজেলা এবং উপজেলা থেকে রাজধানীতে অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং বুয়েটের সঙ্গে আলোচনা হয়েছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যেও দুই ধরনের অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই হাসপাতালটির কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *