রবিবার, ৭ জুন ২০২৬

সবশেষ

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনার ভিত্তিতেই এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারীর দায়িত্ব পালনকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি জানান, ক্ষতিপূরণের পাশাপাশি এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ যে বিভিন্ন সহায়তার ঘোষণা দিয়েছিল, সেগুলোও কার্যকর থাকবে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি বিভিন্ন সুবিধা পাবে।

এর আগে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকদের পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি দিয়ে একাধিক সহায়তা কর্মসূচি ঘোষণা করে।

ঘোষণা অনুযায়ী, ভুক্তভোগী পরিবারের বাবা-মা, ভাই-বোন এবং সন্তানরা আদ্-দ্বীন হাসপাতাল ও এর অধীনস্থ প্রতিষ্ঠানে ওষুধের খরচ ছাড়া অন্যান্য সব ধরনের চিকিৎসাসেবা আজীবন বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।

এ ছাড়া আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যরা বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পাবেন। মেডিকেল কলেজসহ উচ্চ ব্যয়সম্পন্ন শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি কিংবা টিউশন ফি মওকুফের ব্যবস্থাও রাখা হবে।

চাকরির ক্ষেত্রেও সহায়তার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী আদ্-দ্বীনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত সহায়তা প্যাকেজের অংশ হিসেবেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *