ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে গেলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে যানটি সড়কের পাশে গভীর খাদে ছিটকে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী মারা যান এবং কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।








