বুধবার, ১০ জুন ২০২৬

সবশেষ

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিবে মরিশাস

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর ফাঁকে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে শ্রম সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে উঠে এসেছে দুই দেশের মধ্যে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা এবং নতুন করে দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা।

গত সোমবার (৮ জুন) সকালে জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম অংশ নেন।

আলোচনায় মূল ফোকাস ছিল শ্রমবাজার পুনরায় সচল করা, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার পথনকশা। দুই পক্ষই দ্রুত একটি সমঝোতা স্মারক (MoU) চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে মরিশাসের পক্ষ থেকে জানানো হয়, তারা বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে বিশেষভাবে আগ্রহী। বিশেষ করে টেক্সটাইল খাতে দক্ষ কর্মীর চাহিদা বেশি। একই সঙ্গে শ্রমবাজার পুনরায় চালুর উদ্দেশ্যে শিগগিরই একটি খসড়া সমঝোতা স্মারক বাংলাদেশে পাঠানোর কথাও জানানো হয়।

শুধু শ্রমিক নিয়োগই নয়, মরিশাস সরকার বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

অন্যদিকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মরিশাসের এই আগ্রহকে স্বাগত জানান। তিনি জানান, বাংলাদেশ শুধু টেক্সটাইল নয়, ডাক্তার, প্রকৌশলী, নার্স ও অ্যাকাউন্টেন্টসহ বিভিন্ন পেশায় দক্ষ জনবল পাঠাতে প্রস্তুত।

তিনি দ্রুত এমওইউ স্বাক্ষরের আহ্বান জানান এবং মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণও জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *