দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রম সরাসরি তদারকির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে প্রতিষ্ঠানটিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(আ) ধারায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই নিয়োগ কার্যকর করা হয়েছে। বর্তমানে মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা, ব্যাংকের স্বার্থ সুরক্ষা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, মূল্যায়ন ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করবেন।
বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রমে শৃঙ্খলা ও জনআস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।








