সোমবার, ১৫ জুন ২০২৬

সবশেষ

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম, বদলেছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি

ভারতীয় ভিসা পেতে আগ্রহীদের জন্য আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনকারীদের এখন নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবফাইল আপলোড সম্পন্ন করতে হবে, অন্যথায় তারা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন না।

সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানায়, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই উন্মুক্ত করা হবে।

নতুন নিয়ম অনুসারে, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে আবেদনকারীরা সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করতে পারবেন। তবে কেবল সফলভাবে ওয়েবফাইল জমা দেওয়া আবেদনকারীরাই বিকেল ৫টা থেকে শুরু হওয়া অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

আইভ্যাক আরও জানিয়েছে, আপলোড করা নথি অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ কপি হতে হবে। কোনো ফাইল ৩০ দিনের বেশি পুরোনো হলে তা গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত কোনো ফাইল জমা দিলে আবেদন বাতিল হতে পারে।

অন্যদিকে মেডিকেল ভিসা ব্যবহারকারীদের জন্যও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আইভ্যাক বলেছে, যে হাসপাতালের চিকিৎসার উদ্দেশ্যে ভিসা অনুমোদন দেওয়া হয়েছে, আবেদনকারীকে কেবল সেই হাসপাতালেই চিকিৎসা নিতে হবে।

যদি কোনো কারণে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে আগে থেকেই ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর অনুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

এ ধরনের লঙ্ঘনের ফলে ভবিষ্যতে ভারতে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন জটিলতার মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করেছে আইভ্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *