সোমবার, ১৫ জুন ২০২৬

সবশেষ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরকে ঘিরে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শ্রমবাজার, প্রবাসী কল্যাণ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির আশা করছেন তারা।

সরকার গঠনের পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থান করার কথা রয়েছে তাঁর।

সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ার বিভিন্ন শহরে প্রস্তুতি শুরু হয়েছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

প্রবাসীদের অনেকেই মনে করছেন, নতুন সরকারের প্রধান হিসেবে তারেক রহমানের এই সফর শুধু কূটনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করার সুযোগ তৈরি করবে।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের একটি বড় অংশের প্রত্যাশা, সফরের আলোচনায় শ্রমবাজার-সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি কর্মীদের নানা সমস্যা, নতুন কর্মসংস্থানের সুযোগ এবং অভিবাসন প্রক্রিয়ার উন্নয়ন নিয়েও ইতিবাচক উদ্যোগ আসতে পারে বলে আশা করছেন তারা।

প্রবাসীদের মতে, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা।

সরকারপ্রধানের কুয়ালালামপুর সফরকে কেন্দ্র করে তাই মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এই সফরের মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের কিছু প্রত্যাশা পূরণের পথও উন্মুক্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *