শনিবার, ২৭ জুন ২০২৬

সবশেষ

‘যে অর্জনই হোক, তা দেশের মানুষের’ সংসদে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, সরকারের প্রতিটি সিদ্ধান্ত ও উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের স্বার্থ। তিনি জোর দিয়ে বলেন, যে কোনো কূটনৈতিক বা রাজনৈতিক অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়, বরং বাংলাদেশের এবং দেশের মানুষের।

শনিবার (২৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন দেশের স্বার্থ রক্ষার জন্য। তাই সরকার ও সংসদ সদস্যদের প্রধান দায়িত্বও দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।

বক্তব্যে তারেক রহমান বলেন, তাদের রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। তিনি জানান, নিজের রাজনৈতিক অবস্থান থেকে সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কথা বলেছেন এবং ভবিষ্যতেও সেই নীতিতেই কাজ করে যাবেন।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ের কোনো সফল সফর বা ইতিবাচক অর্জনকে ব্যক্তিগত কিংবা দলীয় সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই।

তার ভাষায়, যদি কোনো ইতিবাচক ফল আসে, তাহলে তার প্রকৃত মালিক বাংলাদেশের মানুষ। কারণ সব অর্জনই দেশের এবং জনগণের কল্যাণের জন্য।

বক্তব্যের একপর্যায়ে বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষের পক্ষে কাজ করার ক্ষেত্রে সংসদ সদস্যদের সমর্থন ও ইতিবাচক মনোভাব সরকারকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দল-মত নির্বিশেষে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাই একই লক্ষ্য নিয়ে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *