নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার নিয়মে একাধিক পরিবর্তন এনেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীদের কাজের সময় নির্ধারণ, ইংরেজি দক্ষতা যাচাই এবং ভিসা আবেদনের নিষ্পত্তি থেকে শুরু করে কোর্স শেষে অতিরিক্ত অবস্থানের সময়েও পরিবর্তন এসেছে।
ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য মোট চারটি ক্ষেত্রে পরিবর্তন কার্যকর হবে। এসব পরিবর্তনের প্রভাব পড়বে নতুন ভিসাপ্রত্যাশী এবং দেশটিতে বর্তমানে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপরও।
১. মাস্টার্স বাই রিসার্চে সপ্তাহে ২৫ ঘণ্টা কাজের সুযোগ
নতুন নিয়মে মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির সময়ে তাদের পূর্ণকালীন কাজের সুযোগ থাকবে। আগে এই শ্রেণির শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না।
ফলে পড়াশোনার পাশাপাশি আয় করতে আগ্রহী শিক্ষার্থীদের এখন কাজের পরিকল্পনা করতে হবে নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী।
২. ভিসার শর্ত মানতে ইংরেজি দক্ষতাও বিবেচনায়
শিক্ষার্থীরা ভিসার নিয়ম ও শর্ত যথাযথভাবে অনুসরণ করতে পারবেন কি না, তা মূল্যায়নের ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতাকে গুরুত্ব দেবে অভিবাসন কর্তৃপক্ষ।
অর্থাৎ ভিসার অন্যান্য যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর ইংরেজিতে যোগাযোগের সক্ষমতাও বিবেচনায় নেওয়া হবে। এতে ভিসার শর্ত সম্পর্কে শিক্ষার্থীদের বোঝাপড়া এবং তা মেনে চলার সক্ষমতা যাচাইয়ের বিষয়টি সামনে এসেছে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চললে আটকে যেতে পারে আবেদন
নতুন নিয়মে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত কিংবা নিষ্পত্তি প্রক্রিয়া চলমান থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভিসার আবেদন সাময়িকভাবে স্থগিত রাখতে পারবে ইমিগ্রেশন নিউজিল্যান্ড।
আগে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এ ধরনের আবেদন স্থগিতের সুযোগ থাকলেও নতুন ব্যবস্থায় সেই ক্ষমতার পরিধি বাড়ানো হয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সংশ্লিষ্ট অনুমোদনের বিষয়গুলো যাচাই করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
৪. কোর্স শেষে অতিরিক্ত অবস্থানের সময় এক মাস থেকে দুই মাস
নতুন পরিবর্তনে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অতিরিক্ত অবস্থানের সুযোগ এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে।
আগের নিয়মে শিক্ষার্থীদের পড়াশোনার ধরন ও মেয়াদ অনুযায়ী ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হতো। নতুন ব্যবস্থায় যাদের ক্ষেত্রে পরিবর্তনটি প্রযোজ্য হবে, তারা কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত দুই মাস সময় পাবেন।
তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি।
শিক্ষার্থীদের জন্য কেন গুরুত্বপূর্ণ এই পরিবর্তন
নতুন নিয়মগুলোতে একদিকে শিক্ষার্থীদের কাজের সময় ও কোর্স-পরবর্তী অবস্থানের সুযোগ নির্ধারণ করা হয়েছে, অন্যদিকে ভিসার শর্ত মেনে চলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীদের কাজের সময় নতুন করে হিসাব করতে হবে। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের আগে সেটির বিরুদ্ধে কোনো তদন্ত বা অনিয়মের অভিযোগ রয়েছে কি না, সে বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
তবে চারটি পরিবর্তনের মধ্যে কোনটি কোন তারিখ থেকে কার্যকর হচ্ছে এবং কোন শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত দুই মাসের সুবিধা প্রযোজ্য হবে, তা আবেদন করার আগে ইমিগ্রেশন নিউজিল্যান্ডের হালনাগাদ নির্দেশনা থেকে নিশ্চিত হওয়া জরুরি।








