সোমবার, ২৯ জুন ২০২৬

সবশেষ

৪ মাসে ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সামরিক অধ্যায়ের পাশাপাশি সাইবার অঙ্গনেও তীব্র লড়াই অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পরবর্তী চার মাসে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ৪ হাজার ৮০০টি সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টোরেটের পরিচালক ইয়োসি কারাদি।

জার্মান দৈনিক দাই ওয়েল্ট-এ সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে কারাদি বলেন, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ইরানি হ্যাকার গোষ্ঠীগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি প্রতিষ্ঠান, ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল সিস্টেমকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

তার ভাষ্য অনুযায়ী, এসব হামলার ফলে অনেক ইসরায়েলি কোম্পানি তাদের কম্পিউটারে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য হারিয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওয়েবসাইটে পরিচালিত হামলাগুলোর বেশিরভাগই প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েলের সাইবার নিরাপত্তা সংস্থাগুলো।

ইয়োসি কারাদি আরও জানান, ২০২৫ সালের জুনে ইরানে অভিযান শুরুর সময় প্রথমবারের মতো ইরানি হ্যাকাররা ব্যাপকভাবে ইসরায়েলের সরকারি ওয়েবসাইট ও সাইবার অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালায়। ১২ দিনের সেই সংঘাতে প্রায় ১ হাজার ৬০০টি সাইবার হামলার ঘটনা নথিভুক্ত হয়েছিল।

সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, সাম্প্রতিক হামলায় অংশ নেওয়া কয়েকটি হ্যাকার গোষ্ঠী অত্যন্ত দক্ষ। তাদের মোকাবিলার সক্ষমতা ইসরায়েলের থাকলেও বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। তার মতে, বাস্তব যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু সাইবার জগতে এমন কোনো বিরতি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *