ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর বহুল আলোচিত একটি বিধান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পুরোনো মালিকদের পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ দেওয়া সংক্রান্ত বিধানটি আইন থেকে বাদ দেওয়া হবে।
সোমবার (২৯ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও মতামত নেওয়ার পর সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে।
বর্তমান আইনের ১৮(এ) ধারায় বলা হয়েছে, একীভূত হওয়া বা একীভূতকরণের জন্য তালিকাভুক্ত কোনো ব্যাংকের সাবেক মালিক বা পরিচালকেরা তুলনামূলক সহজ শর্তে আবারও ওই ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারবেন।
এই বিধানটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। অনেকের মতে, এটি ব্যাংক খাতে সাবেক অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারমূলক উদ্যোগ থেকে সরে আসার ইঙ্গিত বহন করছিল।
আইন অনুযায়ী, সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া মূলধন সহায়তার মোট অর্থের ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম পরিশোধ করলে সাবেক মালিক বা পরিচালকদের ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ ছিল। অবশিষ্ট ৯২ দশমিক ৫ শতাংশ অর্থ দুই বছরের মধ্যে ১০ শতাংশ সরল সুদসহ পরিশোধ করার বিধানও রাখা হয়েছিল।
তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাপক বিতর্কের জন্ম দেওয়া এই বিধানটি আইন থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হবে।








