মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে আগামী ৫ জুলাই পর্দা উঠছে ‘লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬ সিজন-টু’ ক্রিকেট টুর্নামেন্টের। ১৬টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ১২ জুলাই পর্যন্ত। কুয়ালালামপুরের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ।
টুর্নামেন্টকে ঘিরে মঙ্গলবার (৩০ জুন) কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান ‘লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাব’। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও প্রধান সমন্বয়ক আজিজুল হাকিম টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ক্রিকেট আয়োজনের পাশাপাশি একটি মানবিক উদ্যোগের ঘোষণাও দেন তিনি। আজিজুল হাকিম জানান, মালয়েশিয়ার কারাগারে থাকা এবং দেশে ফিরতে আর্থিকভাবে অসচ্ছল দুই বাংলাদেশি প্রবাসীর বিমান টিকিটের ব্যয় বহন করবে তাদের সংগঠন। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা এবং রানার-আপ দলের জন্য ৯৬ হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। এদিন টুর্নামেন্টের ট্রফি উন্মোচন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রস্তুতির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফসি’র সভাপতি আব্দুল মোবিন ভুইয়া, কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন এবং এ আর ওয়ান মিনি মার্কেটের পরিচালক মো. রুবেল আলী ও তাঁর মালয়েশিয়ান স্ত্রী সিতি আইশা।
এ ছাড়া একলাস মিয়া, আলি আজগর মিলন, সাদ্দাম হোসেন, মো. সুমন, নাঈম ইসলাম, মোহাম্মদ শাহজাহান আলী, মোহাম্মদ মিঠুন, হিমেল, বেলাল হোসেন, আজমাইন ও সাইফুল ইসলামসহ টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬টি দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের আশা, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়াচর্চা আরও জোরদার করতে ‘লায়ন্স এক্সপ্রেস কাপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








