জুলাই আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযোগটি সাইবার সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইউনিটে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা স্বাক্ষর করেন।
শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে জিডি হয়েছে। অভিযোগের বিষয়বস্তু সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তা যাচাই-বাছাইয়ের জন্য ডিবির সাইবার ইউনিটে পাঠানো হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
থানা সূত্র জানায়, অভিযোগকারীরা তাদের আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্য, ভিডিও ও পোস্টের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং এখন বিষয়টি সাইবার ইউনিট তদন্ত করবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে ডিবি দক্ষিণ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মো. তরিকুল ইসলাম বলেন, শাহবাগ থানা থেকে পাঠানো ফরওয়ার্ডিং চিঠি এখনো তাদের হাতে পৌঁছেনি। নথি পাওয়ার পর প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে।
একই বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগ দায়েরের বিষয়টি তিনি জেনেছেন। তবে এখনো আনুষ্ঠানিক নথি তাদের কাছে আসেনি। নথি হাতে পেলেই তদন্ত শুরু করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে যা বলা হয়েছে
রাষ্ট্র সংলাপ ফোরামের অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পেয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে এক নারী জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি অসম্মানজনক এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং আন্দোলন ও রাষ্ট্র সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনগুলোর কর্মকাণ্ডকে অভিনয়ের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছেন। এতে আন্দোলনে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্টদের হেয় করা হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগকারীরা তাদের আবেদনে তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।








