শনিবার, ৪ জুলাই ২০২৬

সবশেষ

হুতিদের পাল্টা হুমকির জবাবে কঠোর বার্তা সৌদি জোটের, ‘নজিরবিহীন হামলার’ সতর্কতা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাল্টা হুমকির পর কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি ভূখণ্ডে হামলার চেষ্টা কিংবা ইয়েমেনের সার্বভৌমত্বকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করা হলে হুতিদের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে জোট।

এই উত্তেজনার সূত্রপাত হয় শুক্রবার, যখন ইয়েমেনের রাজধানী সানায় ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয় সৌদি আরব। এ সময় সৌদি বিমানবাহিনীর যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে। ঘটনার পর হুতি বিদ্রোহীরা সতর্ক করে জানায়, ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপের পুনরাবৃত্তি হলে সৌদি আরবের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

এর একদিন পর, শনিবার (৪ জুলাই) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, ইয়েমেনের সাধারণ মানুষের ওপর নিজেদের নিপীড়নের বিষয় থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরিয়ে নিতেই হুতিরা সৌদি আরবকে হুমকি দিচ্ছে।

অন্যদিকে, শুক্রবার হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে বলেন, ‘আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি না করতে আমরা সৌদি শত্রুদের সতর্ক করছি। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে এবং তাদের বিমানবন্দরসহ স্থল ও জলপথের সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে।’

তবে চলমান উত্তেজনার মধ্যেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে বলেও জানান হুতি মুখপাত্র। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা থাকলেও এ রুটে ফ্লাইট বন্ধ করার কোনো ইঙ্গিত দেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *