মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সবশেষ

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়: চিফ প্রসিকিউটর

দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ চেয়ে শেখ হাসিনার মুখপাত্রের করা দাবিকে অগ্রহণযোগ্য ও হাস্যকর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার মতে, একজন পলাতক আসামির হয়ে অন্য কারও এ ধরনের বিমান চাওয়ার ঘটনা অস্বাভাবিক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার মুখপাত্র তার দেশে ফেরার জন্য এয়ারক্রাফট চেয়েছেন বলে যে দাবি করেছেন, তা উন্মাদনা ছাড়া কিছু নয়। একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ট্রাইব্যুনালে দণ্ডিত অন্য আসামিদের দিল্লিতে সংবাদ সম্মেলন করার বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, তারা বাংলাদেশের ভূখণ্ডের বাইরে অবস্থান করে এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। অন্য কোনো দেশে কোনো আসামির এমন তৎপরতা থাকলে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মোকাবিলা করতে হবে।

তবে আওয়ামী লীগ প্রসঙ্গে কঠোর অবস্থান তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। দলটির নেতাকর্মীরা যে খুনি, নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা তা বিশ্বের সামনে প্রমাণ করছেন।

তিনি আরও বলেন, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের কর্মকাণ্ডের মাধ্যমে দলটি যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের আওতায় এনে ব্যবস্থা নিতে সরকার কিংবা ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম জানান, দলটির বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে এবং সেটি নিয়ে তদন্ত চলছে। তদন্তের কাজ শেষ হলে যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার মুখপাত্র সম্প্রতি আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাংলাদেশ সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধের কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *