গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার দাবি, শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পেছনে পরিকল্পিত নির্দেশনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার দেওয়া এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের কোনো না কোনো শাখায় পেট্রলবোমা হামলা চালানো হচ্ছে। হামলাকারীরা এসব ঘটনায় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। হামলার ধরন ও ধারাবাহিকতা দেখে তার ধারণা, অপরাধীরা ওপরের মহলের নির্দেশনা পেয়ে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।
গ্রামীণ ব্যাংকের ওপর আক্রমণকে কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সহিংসতা হিসেবে দেখতে নারাজ ইউনূস। তার মতে, এর সরাসরি প্রভাব পড়ছে ব্যাংকটির ওপর নির্ভরশীল দরিদ্র নারী ও তাদের পরিবারের জীবনে। তিনি জানান, ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী। ঋণ আদায়ের হারও ৯৫ শতাংশের বেশি। এসব নারীই ব্যাংকটির প্রকৃত মালিক।
বিবৃতিতে নিজের সঙ্গে গ্রামীণ ব্যাংকের বর্তমান মালিকানা ও পরিচালনার কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং অবশিষ্ট ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা, পরিচালনা কিংবা মালিকানার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন এবং কখনো ছিলেনও না।
হামলার কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। এসব ঘটনার পর লাখ লাখ নারী ঋণগ্রহীতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি করেন ইউনূস। তার ভাষ্য, এসব নারীর কাছে গ্রামীণ ব্যাংক শুধু ঋণ নেওয়ার প্রতিষ্ঠান নয়; বরং পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষার ব্যয় এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর অন্যতম অবলম্বন।
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও সহিংসতার বিস্তার ঘটছে বলে বিবৃতিতে উল্লেখ করেন সাবেক এই প্রধান উপদেষ্টা। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একই ধারাবাহিকতায় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
পরিস্থিতি মোকাবিলায় গ্রামীণ ব্যাংক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা জোরদারের আবেদন জানিয়েছে। ব্যাংকটির ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষা নিশ্চিত করাই এ আবেদনের উদ্দেশ্য। বিশেষ করে দরিদ্র নারী ঋণগ্রহীতাদের জন্য ব্যাংকটির কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তবে শুধু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই যথেষ্ট নয় উল্লেখ করে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সাবেক এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।








