সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে আর প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। এ ধরনের সব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য ও বার্তাকে গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (৫ জুলাই) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি-থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকেই হোক না কেন, ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির সময় অনুষ্ঠানের বিষয়বস্তুকে অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে অনুষ্ঠানটির উদ্দেশ্য, বার্তা এবং মূল বিষয় স্পষ্টভাবে ফুটে ওঠে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা প্রণয়নের ক্ষেত্রেও এ নীতিমালা অনুসরণ করতে হবে, যাতে প্রচারসামগ্রী তথ্যবহুল ও উদ্দেশ্যনির্ভর হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জানানো হয়েছে, এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।








