মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সবশেষ

‘হোয়াইট হাউজেও হামলা চালানোর সক্ষমতা আছে ইরানের’

ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ইরান। এমন প্রেক্ষাপটে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দেম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কঠোর হুঁশিয়ারিমূলক মন্তব্য করেছেন। তার দাবি, প্রয়োজন হলে হোয়াইট হাউজের ভেতরেই ট্রাম্পের ওপর হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে।

ইরানের সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে মোকাদ্দেম বলেন, ‘উদ্দেশ্য যদি ট্রাম্পকে হত্যা করা হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান হোয়াইট হাউজের ভেতরেই তা সহজে করতে পারে। যখনই প্রয়োজন হবে, আমরা তা করার সক্ষমতা রাখি।’

শুধু হুমকির বক্তব্যই নয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। তার ভাষ্য, ইরানের দৃষ্টিতে এই সংলাপের লক্ষ্য কোনো শান্তিচুক্তি নয়; বরং নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগের জবাব দেওয়া।

মোকাদ্দেম বলেন, ইরান শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আলোচনায় বসেনি। তার দাবি, এই আলোচনা মূলত উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা, ইরানের দাবিগুলো আরও জোরালোভাবে উপস্থাপন করা এবং ওয়াশিংটনের বিভিন্ন অভিযোগের বিপরীতে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য।

তিনি আরও বলেন, ‘আমরা ট্রাম্প ও তার অপরাধী সহযোগীদের সঙ্গে শান্তির জন্য কোনো আলোচনা করছি না। এ আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর জবাব খুঁজছি।’

একই সঙ্গে মোকাদ্দেমের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও প্রতিশোধ নেওয়ার প্রশ্নে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তার ভাষায়, ‘প্রতিশোধের বিষয়টি আলোচনার টেবিলে পুরোপুরি বহাল রয়েছে।’ অর্থাৎ আলোচনা চললেও ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত থেকে ইরান সরে আসেনি বলে তিনি ইঙ্গিত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *