মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সবশেষ

ওমরাহ যাত্রীদের বড় সুখবর, এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল সৌদি

ধর্মীয় পর্যটনকে আরও সম্প্রসারণের লক্ষ্যে ওমরাহ ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ ভিসার মেয়াদ এখন থেকে এক বছর বা ৩৬৫ দিন হবে। এই ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

তবে নতুন এই সুবিধা ব্যবহার করতে প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি নির্ধারিত প্যাকেজ কিনতে হবে। শর্ত অনুযায়ী, ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমার বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদিতে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নীতিতে আরও বলা হয়েছে, হজ মৌসুমে আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা সাময়িকভাবে অকার্যকর থাকবে। এ সময় ভিসাধারীরা এই ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষিত ‘সৌদি ভিশন ২০৩০’ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় পর্যটন সহজ ও আকর্ষণীয় করতেই এই নতুন ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *