সোমবার, ৩ আগস্ট ২০২৬

সবশেষ

সামরিক পদক্ষেপ স্থগিতের ইঙ্গিতের পর ইরানের সঙ্গে নতুন সংলাপে ওয়াশিংটন, জানালেন ট্রাম্প

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা আপাতত কমানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে নতুন দফায় আলোচনা শুরু করতে যাচ্ছে ওয়াশিংটন। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেল থেকেই এই সংলাপ শুরু হওয়ার কথা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সোমবার (৩ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান সম্ভাব্য সামরিক অভিযানের ব্যাপকতা সম্পর্কে আগে থেকেই ধারণা পেয়েছিল, কারণ তারা প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে পেরেছে। তিনি জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হচ্ছে এবং সেটি সোমবার বিকেল থেকে হওয়ার কথা।

এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, আলোচনার ‘পরিধি’ নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সম্ভাব্য হামলা আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।

তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি ইরান। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথা ট্রাম্প একাধিকবার বললেও অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এমন উদ্যোগের পরও বিভিন্ন সময়ে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতা কবে চূড়ান্ত হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট সময়সীমা দিতে চান না। তার ভাষায়, পরিস্থিতি কীভাবে এগোয় সেটিই এখন দেখার বিষয়। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সব সময় প্রস্তুত রয়েছে, তবে তার লক্ষ্য মানুষ হত্যা নয়।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। তাদের বিশ্বাস, হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

তবে ট্রাম্পের এই দাবি নাকচ করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। তাদের ভাষ্য, তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ করেনি। বরং ট্রাম্পের বক্তব্যকে তারা ‘আরেকটি নতুন মিথ্যা’ বলে অভিহিত করেছে।

এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি-সংক্রান্ত বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার শুরু হতে যাওয়া এই আলোচনার স্থান, অংশগ্রহণকারী কিংবা আলোচনার কাঠামো সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *