ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন হামলায় একটি বেসামরিক বাড়ি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমস। ভিডিও, স্যাটেলাইট ছবি এবং বিস্ফোরণের বিভিন্ন আলামত বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলায় সম্ভবত যুক্তরাষ্ট্রের ব্যবহৃত প্রায় ৯০০ কেজি ওজনের একটি শক্তিশালী বিমানবোমা ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে চালানো ওই হামলায় একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, এতে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান নিহত হন। তবে পরিবারের অপর দুই সন্তান প্রাণে বেঁচে গেছে।
দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, বিস্ফোরণে সৃষ্ট গর্তের আকার, ঘটনাস্থলে পাওয়া গোলাবারুদের ধ্বংসাবশেষ এবং ভিডিওচিত্র পর্যালোচনা করে অস্ত্র বিশেষজ্ঞরা ধারণা করছেন, হামলায় প্রায় ২ হাজার পাউন্ড বা ৯০০ কেজি ওজনের মার্ক-৮৪ বোমা ব্যবহার করা হয়েছে। এটি মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী প্রচলিত বোমাগুলোর একটি।
সংবাদমাধ্যমটির দাবি, হামলার সময় ও অবস্থান যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। একই সঙ্গে তাদের অনুসন্ধানে ক্ষতিগ্রস্ত বাড়িটির আশপাশে কোনো সামরিক স্থাপনার অস্তিত্ব পাওয়া যায়নি। হামলার পর ইরানও ওই এলাকায় সামরিক সদস্য হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি।
এদিকে, দ্য জেরুজালেম পোস্টকে দেওয়া এক বক্তব্যে এক মার্কিন কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার ইরানে পরিচালিত হামলার পরিধি আগের রাতের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। তাঁর দাবি, ওই অভিযানে ব্যাপক আকারে হামলা চালানো হয়েছে এবং তা উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।
ইরানি কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে আরও জানিয়েছেন, হামলার পর আশপাশের অন্তত ২০টি পরিবারের বাসিন্দাদের এলাকা ছাড়তে হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের ধ্বংসাবশেষ কেন্দ্রস্থল থেকে ২০০ ফুটেরও বেশি দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা হামলার তীব্রতার ইঙ্গিত দেয়।
বেসামরিক হতাহতের অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি বলেছে, অভিযোগগুলো তারা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। তবে অভিযানের লক্ষ্যবস্তু, ব্যবহৃত অস্ত্র বা হামলার সময় বেসামরিক মানুষের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, বেসামরিক হতাহতের অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও, বিভিন্ন সংবাদমাধ্যমের ফুটেজ এবং স্যাটেলাইট চিত্র একসঙ্গে বিশ্লেষণ করে তারা হামলার স্থান এবং বিস্ফোরণের প্রকৃতি যাচাই করেছে।








