রবিবার, ৯ আগস্ট ২০২৬

সবশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দিনভর একাধিক কর্মসূচি নিয়ে চট্টগ্রাম সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন তিনি।

এর আগে, সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

মাতারবাড়িতে পৌঁছে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে তার।

মহেশখালীর কর্মসূচি শেষে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে এসব এলাকায় গিয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নতুন ঘর হস্তান্তর করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন তারেক রহমান। সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে তার। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *