রবিবার, ৯ আগস্ট ২০২৬

সবশেষ

দুই প্রধানমন্ত্রীর আলোচনা হলে অনেক সমস্যার সমাধান হবে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধান পর্যায়ে সরাসরি আলোচনা হলে দুই দেশের বিদ্যমান অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে দীনেশ ত্রিবেদীর। এই সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর পাশাপাশি তার নেতৃত্বের প্রশংসা করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা সবাই সম্মান করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য একাধিকবার শুনেছেন এবং তাকে জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনবান্ধব বলে মন্তব্য করেন তিনি।

দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আলোচনার সম্ভাব্য সুফল তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়।’

আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি।’

বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক সম্পর্কের ওপরও আস্থা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। তার ভাষায়, ‘আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান (সলিউশনটা) হবে।’

দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক কোনো বিষয় দেখছেন না জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।’

যমুনা ফিউচার পার্কে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য নতুন খেলার জায়গার উদ্বোধন করেন দীনেশ ত্রিবেদী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *