যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় মো. রাজু নামে ৪৪ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও এক বাংলাদেশি, যার বয়স ৩৯ বছর। রোববার (২৩ আগস্ট) মধ্যরাতের দিকে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা’ থেকে জরুরি নম্বরে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানে মাথায় গুলিবিদ্ধ ৪৪ বছর বয়সী এক ব্যক্তি এবং পায়ে গুলিবিদ্ধ ৩৯ বছর বয়সী আরেক ব্যক্তিকে পাওয়া যায়। দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ৪৪ বছর বয়সী ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত বাংলা সংবাদমাধ্যম ঠিকানার প্রতিবেদনে নিহত ব্যক্তির নাম মো. রাজু বলে উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও রাজুর স্বজনদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, হামলার সময় এক বন্দুকধারী রেস্তোরাঁয় ঢুকে আকস্মিকভাবে গুলি চালায়। এতে সেখানে কর্মরত রাজু এবং উপস্থিত আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর ব্যক্তির পায়ে গুলি লাগে।
হামলার পেছনে কী কারণ ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি নিউইয়র্ক পুলিশ। এটি কোনো ডাকাতির চেষ্টা ছিল, নাকি ব্যক্তিগত বিরোধের জেরে গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থলের ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে। তবে এখন পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। একই সঙ্গে সন্দেহভাজন বন্দুকধারীর কোনো বর্ণনাও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ঘটনার পর ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার সঠিক উদ্দেশ্য এবং জড়িত ব্যক্তির পরিচয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়।








