জেদ্দা থেকে চট্টগ্রামে আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। উড়োজাহাজে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ফ্লাইটটি ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৬ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছিল। ফ্লাইটে থাকা ৫৫ বছর বয়সী ছানোয়ারা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজটি মাসকট বিমানবন্দরে অবতরণ করানো হয়।
মাসকটে নামার পর ওই নারী যাত্রীকে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ছানোয়ারা বেগমের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে, যাত্রীর মৃত্যুর পর বিজি-১৩৬ ফ্লাইটটি আবার মাসকট থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বুধবার দুপুরের পর ফ্লাইটটির চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
তবে উড়োজাহাজে ওই নারী যাত্রীর অসুস্থ হয়ে পড়া এবং পরবর্তী সময়ে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।








