রবিবার, ৩০ আগস্ট ২০২৬

সবশেষ

‘ইউরোপে পারমাণবিক বোমা ফেলার ছক কষছে যুক্তরাষ্ট্র’

ইউরোপের মাটিতে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা পারমাণবিক অস্ত্র এবং নতুন ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। মস্কোর দাবি, রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র যে প্রশ্ন তুলছে, তার আড়ালে ইউরোপে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি আড়াল করার চেষ্টা রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত আন্দ্রে বেলোউসভ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আরটি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

বেলোউসভের দাবি, রাশিয়ার তৈরি সাধারণ বা তুলনামূলক ছোট আকারের পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো সরাসরি হুমকি তৈরি করে না। এরপরও আন্তর্জাতিক বিভিন্ন বৈঠকে ওয়াশিংটন বারবার রাশিয়ার এসব অস্ত্র নিয়ে প্রশ্ন তুলছে।

রুশ এই কূটনীতিকের মতে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মূল বিষয় থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরিয়ে রাখার চেষ্টা করছে। তার অভিযোগ, ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং ভবিষ্যতে আরও যেসব ক্ষেপণাস্ত্র মোতায়েন বা তৈরির পরিকল্পনা করছে, সেগুলো নিয়ে আলোচনা আড়াল করতেই রাশিয়ার অস্ত্রভাণ্ডারকে সামনে আনা হচ্ছে।

রুশ অস্ত্রের তথ্য চায় যুক্তরাষ্ট্র, অভিযোগ মস্কোর
আন্দ্রে বেলোউসভ আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আলোচনার মাধ্যমে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ও মজুত সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চাইছে। পরবর্তী ধাপে এসব অস্ত্র ধ্বংসের দিকে যাওয়াই তাদের লক্ষ্য বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষায়, রাশিয়া যদি নিজেদের পারমাণবিক প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয় বা এ ধরনের অস্ত্র সরিয়ে নেয়, তাহলে ইউরোপে মোতায়েন থাকা মার্কিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বড় কোনো বাধা থাকবে না।

ইউরোপকে সতর্ক করল মস্কো
যুক্তরাষ্ট্র নিজেদের কৌশলগত স্বার্থে ইউরোপের মিত্র দেশগুলোর ভূখণ্ডকে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন রুশ এই কূটনীতিক।

ইউরোপীয় দেশগুলোকে ওয়াশিংটনের এই নীতির সম্ভাব্য পরিণতি সম্পর্কে দ্রুত সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়ার বক্তব্য, পারমাণবিক অস্ত্র ঘিরে বর্তমান পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য বিবেচনা করা এবং সময় থাকতেই সতর্ক হওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *