বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশ-হকার সংঘর্ষ, আটক ৩০

রাজধানীর মিরপুর ১০ গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানে পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে হকারদের বিরুদ্ধে। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলার ঘটনায় পুলিশের অন্তত নয় সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল বাশার মোল্লা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর ১০ গোলচত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

আবুল বাশার মোল্লা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে অভিযান চালাচ্ছিলেন। এ সময় হকাররা তাদের ওপর হামলা করেন।

তিনি জানান, হামলার সময় সিটি করপোরেশনের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। এতে পুলিশের অন্তত নয় সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জড়িতদের বিরুদ্ধে মামলা হবে
পুলিশ কর্মকর্তা আবুল বাশার মোল্লা বলেন, মিরপুর ১০ গোলচত্বর এলাকায় এর আগেও পুলিশ ও সিটি করপোরেশনের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে বুধবারের অভিযানের সময় হঠাৎ করে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান।

হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

আবুল বাশার মোল্লা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। পাশাপাশি মিরপুর ১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *