কুয়েতের মরুভূমিতে তিন দশকেরও বেশি সময় ধরে বালুর নিচে পড়ে থাকা একটি স্থলমাইন কেড়ে নিল এক প্রবাসী বাংলাদেশির প্রাণ। আল সালমি মরুভূমিতে উট চরানোর সময় অসাবধানতাবশত মাইনটির ওপর পা পড়লে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ২৮ বছর বয়সী ওই বাংলাদেশির মৃত্যু হয়। বিস্ফোরণে আহত হয়েছে কাছাকাছি থাকা একটি উটও।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুয়েতের আল সালমি মরুভূমিতে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত স্থলমাইনটি ১৯৯০ সালে কুয়েতে ইরাকের সামরিক অভিযানের সময় পুঁতে রাখা হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মরুভূমির বালুর নিচে থাকা ওই বিস্ফোরকটি প্রাণঘাতী অবস্থায় ছিল।
ঘটনার খবর পেয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল ও জরুরি উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি মরুভূমিতে উট চরানোর কাজ করতেন। এ সময় বালুর নিচে লুকিয়ে থাকা স্থলমাইনটির ওপর তার পা পড়ে। মানুষের সংস্পর্শ কিংবা চাপের কারণে মাইনটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত উটটির বিষয়েও তথ্য পাওয়া গেছে। তবে নিহত বাংলাদেশির নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার বয়স ২৮ বছর বলে জানানো হয়েছে।








