মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে সাগরে নিয়ে যাওয়ার পর মাঝপথে পাচারকারীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন ট্রলারে থাকা ব্যক্তিরা। একপর্যায়ে নারী ও শিশুসহ ২৮ জনকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে ট্রলার থেকে পালিয়ে যায় পাচারকারী চক্রের সদস্যরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে যান। পরে যৌথভাবে অভিযান চালিয়ে ট্রলারে থাকা ২৮ জনকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। একই সঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, টেকনাফ থেকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৭২ জনকে মাছ ধরার একটি ট্রলারে করে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল পাচারকারী চক্র। এ উদ্দেশ্যে তাদের সাগরে নিয়ে যাওয়া হয়। প্রায় এক সপ্তাহ সাগরে থাকার পর ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জের ধরেই শুক্রবার রাতে তাদের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা।
উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা ইলিয়াস। তিনি জানান, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট একটি নৌকায় করে তাদের সাগরে থাকা বড় ট্রলারে তোলা হয়। এরপর কয়েক দিন সাগরে কাটাতে হয়। ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালালের মধ্যে বিরোধ দেখা দিলে তাদের কক্সবাজারের লাবণী পয়েন্টে নামিয়ে রেখে সবাই পালিয়ে যায়।
এদিকে কক্সবাজারে মানবপাচারবিরোধী অভিযানে এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ি এলাকায় মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালানোর সময় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হন। ওই অভিযানে মানবপাচারের শিকার ৫৬ জনকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের উপকূলীয় এলাকায় বিশেষ করে শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানবপাচারের তৎপরতা বেড়ে যায়। এ সময় পাচারকারী চক্র বিভিন্ন এলাকা থেকে মানুষ ও রোহিঙ্গাদের প্রলোভন দেখিয়ে সংগ্রহ করে পাহাড়ি এলাকায় আটকে রাখে। পরে সুযোগ বুঝে মাছ ধরার ট্রলারে করে তাদের মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর চেষ্টা করা হয়।
সাম্প্রতিক সময়ে একের পর এক উদ্ধারের ঘটনা উপকূলীয় এলাকায় সক্রিয় মানবপাচারকারী চক্রের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।








