বাংলাদেশ থেকে দক্ষ কর্মী অভিবাসন বাড়ানো এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সুইডেনের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। সাক্ষাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনা ও দক্ষ জনশক্তি উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে উভয় পক্ষ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে। বিশেষ করে দক্ষ কর্মী অভিবাসন এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ থেকে দক্ষ কর্মী বিদেশে যাওয়ার সুযোগ আরও সম্প্রসারণে সুইডেনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে অভিবাসন ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সুইডেনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন টেকনোলজি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে সুইডিশ বিনিয়োগের আহ্বান জানান তিনি।
বাংলাদেশের এলডিসি উত্তরণ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়টিও গুরুত্ব পায়। মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুইডেনের অব্যাহত সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সংকটটির বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখতেও সুইডেনের সমর্থন কামনা করেন তিনি।
জবাবে রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সুইডেন প্রস্তুত বলেও জানান তিনি।
রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সুইডেন প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।








