বুধবার, ৪ নভেম্বর ২০২৬

সবশেষ

ইউটিউবে ১ লাখ সাবস্ক্রাইবার প্রবাসকথা’র

প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সাফল্য, সম্ভাবনা, সমস্যা ও অধিকার নিয়ে কাজ করা অনলাইন সংবাদমাধ্যম প্রবাসকথা ইউটিউবে ১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে। প্রবাসীদের জীবন ও অভিজ্ঞতা তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টায় এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের কথা তুলে ধরাই প্রবাসকথার মূল লক্ষ্য। প্রবাসীদের জীবনসংগ্রাম, কর্মক্ষেত্রের বাস্তবতা, সাফল্যের গল্প, অভিবাসনসংক্রান্ত জটিলতা এবং শ্রমবাজারের নানা তথ্য নিয়ে নিয়মিত কাজ করছে সংবাদমাধ্যমটি।

প্রবাস কথার ইউটিউব লিংকঃ

https://www.youtube.com/@ProbashKothaTV

দেশের একমাত্র অনলাইন পোর্টাল হিসেবে প্রবাসী বাংলাদেশিদের বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রবাসকথা। সংবাদ, প্রতিবেদন ও তথ্যভিত্তিক ভিডিও কনটেন্টের মাধ্যমে প্রবাসীদের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। ইউটিউবে ১ লাখ সাবস্ক্রাইবার অর্জন সেই প্রচেষ্টার প্রতি দর্শকদের আগ্রহ ও গ্রহণযোগ্যতার প্রতিফলন।

এ উপলক্ষে ছোট পরিসরে কেক কেটে উদযাপন করেন প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক মুঞ্জুরুল করিম। এ সময় প্রবাসকথার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত লাখো বাংলাদেশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকছে দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। পাশাপাশি প্রবাসীদের উপার্জন তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নেও ভূমিকা রাখছে। অথচ বিদেশে তাদের কর্মপরিবেশ, অধিকার, নিরাপত্তা ও নানা সংকটের খবর অনেক সময় যথাযথ গুরুত্ব পায় না।

এই জায়গাটিতেই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রবাসকথা। বিদেশে বাংলাদেশি কর্মীদের প্রতারণার শিকার হওয়া, বেতন-ভাতা নিয়ে জটিলতা, ভিসা ও অভিবাসনসংক্রান্ত নিয়মকানুন, কর্মসংস্থানের সুযোগ এবং প্রবাসীদের সাফল্যের গল্প নিয়মিত তুলে ধরছে সংবাদমাধ্যমটি। পাশাপাশি বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য প্রয়োজনীয় তথ্য ও সচেতনতামূলক প্রতিবেদনও প্রকাশ করা হচ্ছে।

প্রবাসীদের কাছে শুধু দেশের খবর পৌঁছে দেওয়াই নয়, তারা যে দেশে বসবাস করছেন, সেখানকার আইন, অভিবাসননীতি, শ্রমবাজার ও নাগরিক সুযোগ-সুবিধা সম্পর্কেও তথ্য দেওয়ার চেষ্টা করছে প্রবাসকথা। ফলে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে দেশের মানুষের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে এর ডিজিটাল প্ল্যাটফর্ম।

ইউটিউবে ১ লাখ সাবস্ক্রাইবার অর্জন প্রবাসকথার জন্য নতুন পথচলার অনুপ্রেরণা। এই অর্জনকে সামনে রেখে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের গল্প আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

প্রবাসীদের কথা বলা, তাদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে আনা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের সঙ্গে দেশের সংযোগ দৃঢ় করাই প্রবাসকথার অঙ্গীকার। ইউটিউবে ১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে একটি উল্লেখযোগ্য অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *