বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সবশেষ

মালদ্বীপে দুই প্রবাসীর মৃত্যু, ঋণের বোঝা নিয়ে মরদেহের অপেক্ষায় দুই পরিবার

সংসারের অভাব ঘোচাতে ঋণ ও উচ্চ সুদে টাকা ধার করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলেন হোসনে আরা বেগম। আশা ছিল, প্রবাসের উপার্জনে দুই সন্তানকে নিয়ে একটু ভালোভাবে দিন কাটাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই নেমে এসেছে শোকের ছায়া। মালদ্বীপে যাওয়ার মাত্র এক মাসের মাথায় স্বামীর মৃত্যুর খবরে এখন দিশেহারা তিনি। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে ঋণের বোঝা ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। শেষবারের মতো স্বামীর মুখ দেখতে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন তিনি।

এদিকে, একই সময়ে মালদ্বীপে আরও এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ৫০ বছর বয়সী দুলাল হোসেন ও ৫২ বছর বয়সী মো. কামরুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানী মালের একটি হাসপাতালে মারা যান জয়পুরহাটের দুলাল হোসেন। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামে। তিনি আব্দুল জব্বারের ছেলে। জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন দুলাল। সেখানে বৈধ কাগজপত্র ছাড়াই রাজধানী মালের বিভিন্ন দোকানে কাজ করতেন তিনি।

দুলাল হোসেনের ভাগনে হাফেজুল ইসলাম জানান, ৫ নভেম্বর রাত ১টার দিকে খাওয়া শেষে ওয়াশরুম থেকে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার মামা। পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহযোগিতায় দুলালের মরদেহ দেশে পাঠানোর কথা রয়েছে।

অন্যদিকে, মালদ্বীপে মারা যাওয়া অপর বাংলাদেশি মো. কামরুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামে। তিনি আব্দুল শহিদের ছেলে। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর গত ৬ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ওই দিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

কামরুল ইসলামের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন স্ত্রী হোসনে আরা বেগম। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর সঙ্গে তার কথা হয়েছিল। কিন্তু সেদিন বিকেলেই স্বামীর মৃত্যুসংবাদ পান তিনি।

হোসনে আরার ভাষ্য, সংসারের আর্থিক সংকট দূর করার আশায় ঋণ করে এবং উচ্চ সুদে টাকা ধার নিয়ে স্বামীকে মালদ্বীপে পাঠিয়েছিলেন। ভেবেছিলেন, সেখানে কাজ করে স্বামী পরিবারের অবস্থার পরিবর্তন করবেন। কিন্তু বিদেশে যাওয়ার মাত্র এক মাসের মধ্যেই এমন পরিণতির মুখোমুখি হতে হবে, তা ছিল কল্পনারও বাইরে। স্বামীকে হারিয়ে এখন দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। ঋণের টাকা পরিশোধ এবং সন্তানদের ভবিষ্যৎ কীভাবে সামলাবেন, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।

এ অবস্থায় স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ হাইকমিশন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন হোসনে আরা। সন্তানদের নিয়ে যেন শেষবারের মতো স্বামীর মুখ দেখতে পারেন, সেই আকুতিই এখন তার।

এদিকে, মালদ্বীপে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সময়ে দুই বাংলাদেশির মৃত্যুতে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *