বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সবশেষ

বসতঘর দখলের চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুরে আতঙ্কে প্রবাসীর পরিবার

নোয়াখালীর সদর উপজেলায় জমি ও বসতঘর নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং এক শিশুকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগও রয়েছে। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের প্রবাসফেরত আজিজুল হক কাইয়ুমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষ মো. মনির উদ্দিন গংদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, বসতঘর নিয়ে বিরোধের জেরে আজিজুল হক কাইয়ুম নোয়াখালী জেলা যুগ্ম জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেছেন। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তার বসতঘর জোরপূর্বক দখলের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তার স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া তাদের ছোট শিশুকে দেশীয় অস্ত্র দিয়ে পায়ে আঘাত করে জখম করা হয়। বাড়িতে ছুটে এলে তাকেও বসতঘরের সামনে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর আজিজুল হক কাইয়ুম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। পরে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এরপর তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন।

এ ঘটনায় প্রবাসফেরত আজিজুল হকের পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বসতঘর দখলের চেষ্টা ও হামলার অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছেন তিনি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *