বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সবশেষ

২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল; পুলিশকে আইজিপির ৩ নির্দেশনা

সারাদেশে একের পর এক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনায় নিরাপত্তা জোরদারে বিশেষ পদক্ষেপ নিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে আগুন এবং ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) টহল বাড়ানো, গোয়েন্দা নজরদারি জোরদার এবং নাশকতায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

তবে অভিযানের ক্ষেত্রে নিরীহ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। পুলিশ কর্মকর্তাদের ভাষায়, আইজিপি এ ক্ষেত্রে ‘কোয়ালিটি অ্যারেস্ট’ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অতীতের মতো গণগ্রেপ্তার থেকে বিরত থাকার কথাও বলেছেন।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা মহানগরসহ দেশের ১১ জেলায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে অনুষ্ঠিত বৈঠকে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার ছাড়াও মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জের উপমহাপরিদর্শকেরা (ডিআইজি) অংশ নেন। সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো পর্যালোচনা করে মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেন আইজিপি।

নাশকতার নেপথ্যে কারা, খতিয়ে দেখছে পুলিশ
পুলিশের একটি সূত্রের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তার দলের নেতা-কর্মীদের একটি অংশ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। বিদেশে অবস্থানরত নেতাদের উসকানি ও অর্থায়নের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যে থাকা কয়েকজনের নাম পাওয়া গেছে বলেও দাবি সংশ্লিষ্ট সূত্রের।

গত রোববার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অল্প সময়ের ব্যবধানে আট থেকে নয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ সরাসরি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন; অর্থের বিনিময়ে তারা এসব কাজে অংশ নিয়েছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তির সংখ্যাও উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। এসব ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি, সাইবার মনিটরিং এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ চলছে।

তিনি আরও বলেন, শুধু ঘটনা ঘটার পর অপরাধীদের শনাক্ত করাই নয়, নাশকতার আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

১১ জেলায় ২২ যানবাহনে আগুন
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগর এলাকায় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। বাকি ঘটনাগুলো ঘটেছে ঢাকার বাইরে বিভিন্ন জেলায়।

তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর। এসব এলাকায় মোট ১৫টি যানবাহনে আগুন দেওয়া হয়। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে দুটি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ডিএমপি সূত্র জানায়, সোমবার রাতে রাজধানীর ফার্মগেট ও পল্লবী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঢাকায় ১৯ স্থানে ককটেল বিস্ফোরণ
যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনাও বেড়েছে। ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন বলেন, নাশকতার সঙ্গে জড়িত অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে।

চার জেলায় বাড়তি পুলিশ, গোপালগঞ্জে সংঘর্ষ
সাম্প্রতিক নাশকতার ঘটনায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে গোপালগঞ্জ ও আশপাশের কয়েকটি জেলাকে ঘিরে। মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া এবং কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।

কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একইভাবে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটে।

এর আগে, সোমবার গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি-বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং একটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট চার জেলার পুলিশ সুপারদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যাতে সংঘবদ্ধভাবে লোকজন জড়ো হয়ে বড় ধরনের নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশ সদস্যদের।

গণগ্রেপ্তার নয়, প্রকৃত অপরাধীদের ধরার নির্দেশ
নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানের পাশাপাশি গ্রেপ্তার অভিযানে বাছাই প্রক্রিয়া নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করেছেন, অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। তবে নিরীহ কাউকে যেন হয়রানি করা না হয়।

জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আইজিপি ‘কোয়ালিটি অ্যারেস্টের’ ওপর জোর দিয়েছেন। অর্থাৎ শুধু সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার না করে নাশকতার সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে, এমন ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।

সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অবরোধের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশের সামনে এখন একদিকে নাশকতা প্রতিরোধ, অন্যদিকে নিরীহ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার চ্যালেঞ্জ। এসব নির্দেশনা মাঠপর্যায়ে কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে গোয়েন্দা তথ্যের যথার্থতা, পুলিশের অভিযান এবং প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *