বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সবশেষ

১১ বছরের শিশুকে ধর্ষণ, ডিএনএ পরীক্ষায় প্রমাণ; মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় প্রধান অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে আসে ডিএনএ পরীক্ষার ফল। নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়।

বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল।

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করা হয়েছিল। শুনানির সময় প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী নিজের সব সম্পত্তি, অর্থাৎ ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবে আদালত তার সেই আবেদন নাকচ করে দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষক ছিলেন আমান উল্লাহ সাগর। অভিযোগ অনুযায়ী, তিনি ১১ বছর বয়সী শিক্ষার্থীকে মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন। এতে আতঙ্কিত হয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে। একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

কয়েক মাস পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন। মামলায় শিক্ষক আমান উল্লাহ সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। পরে র‍্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নেয়।

এদিকে মামলার বিচারিক প্রক্রিয়ার মধ্যেই গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়। পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যাওয়ার তথ্য পাওয়া যায়।

ডিএনএ পরীক্ষার এই ফল মামলার গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে সামনে আসে। শেষ পর্যন্ত শিশুটির ওপর সংঘটিত যৌন সহিংসতার ঘটনায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত। তবে অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *