সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে রিয়াদগামী বিমান চলাচলে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
তবে রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ থাকলেও সৌদি আরবের অন্য তিনটি গন্তব্যে বিমান চলাচল স্বাভাবিক থাকছে। পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম এবং ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে বিমান।
এদিকে রিয়াদ রুটের যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।








