যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষীদের জন্য চাকরির একটি সম্ভাবনাময় সুযোগ তৈরি হয়েছে নিউইয়র্কে। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল) শিশুদের পড়াশোনায় সহায়তা করার জন্য আফটার স্কুল টিউটর পদে কর্মী নিয়োগ দিচ্ছে। পদটিতে ঘণ্টাপ্রতি বেতন নির্ধারণ করা হয়েছে ২২ ডলার। নিয়োগের ক্ষেত্রে বাংলা ভাষায় দক্ষ প্রার্থীরা বাড়তি অগ্রাধিকার পেতে পারেন।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি একটি খণ্ডকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীকে ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে দায়িত্ব পালন করতে হবে। সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার কাজ করতে হবে মোট ১৬ ঘণ্টা। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে চার ঘণ্টার শিফটে কাজের সময় নির্ধারণ করা হবে।
এ পদে মূল দায়িত্ব হবে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের শিক্ষাসংক্রান্ত কাজে সহযোগিতা করা। শিক্ষার্থীদের বাড়ির কাজ বুঝিয়ে দেওয়া, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সহায়তা এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি সংরক্ষণ, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং লাইব্রেরির অন্য কর্মীদের সঙ্গে সমন্বয় করাও কাজের অংশ।
আবেদনে যেসব যোগ্যতা প্রয়োজন
আবেদনকারীদের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে যারা স্নাতক পর্যায়ে পড়ছেন এবং অন্তত দুই বছর পড়াশোনা শেষ করেছেন, তাঁরাও আবেদন করার সুযোগ পাবেন। শিশু বা কিশোরদের পড়ানো কিংবা টিউটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
এ ছাড়া প্রাথমিক পর্যায়ের গণিত, ইংরেজি, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের মৌলিক বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে। গুগল অ্যাপ্লিকেশন এবং মাইক্রোসফট অফিস ব্যবহারের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।
বাংলা ভাষায় দক্ষতা বাড়তি সুবিধা দেবে
নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলা ছাড়াও আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব ভাষার কোনো একটিতে যোগাযোগের সক্ষমতা থাকলে প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারেন। তবে বাংলা জানা এ পদের জন্য বাধ্যতামূলক শর্ত নয়।
সপ্তাহে আয় ৩৫২ ডলার
ঘণ্টাপ্রতি ২২ ডলার হিসাবে সপ্তাহে ১৬ ঘণ্টা কাজ করলে একজন কর্মীর সম্ভাব্য আয় দাঁড়াবে ৩৫২ ডলার। তবে স্কুলের ছুটি এবং নির্ধারিত বিরতির সময়ে নিয়মিত কাজের সূচি কার্যকর থাকবে না। এ ছাড়া স্টাফ মিটিং ও প্রশিক্ষণে অংশ নিতে মাঝেমধ্যে নির্ধারিত সময়ের বাইরেও কাজ করতে হতে পারে।
আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে ‘এনওয়াইপিএল আফটার স্কুল টিউটর, ব্লুমিংডেল লাইব্রেরি’ শিরোনামে পদটি খুঁজে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনো কার্যকর আছে কি না এবং সর্বশেষ যোগ্যতা ও শর্তাবলি কী, তা যাচাই করে নেওয়া জরুরি।








