সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সবশেষ

ইতালিতে চাকরির আবেদন শেষ ৭ ডিসেম্বর, পরেও থাকছে সুযোগ

ইতালিতে ২০২৭ সালে বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনায় বড় সুযোগ রাখা হয়েছে। কৃষি, পর্যটন, অমৌসুমি চাকরি ও পারিবারিক পরিচর্যাসহ বিভিন্ন খাতে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। তবে এ সুযোগ পেতে আবেদনপ্রক্রিয়ার নির্ধারিত সময়সূচি ও নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে আবেদনপত্র তৈরির জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন নিয়োগকর্তারা।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনপত্র পূরণ কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র তৈরির সুযোগ থাকবে। বাংলাদেশ সময় অনুযায়ী, শেষ সময় ৮ ডিসেম্বর রাত ১টা।

তবে আবেদনপত্র পূরণের সময় শেষ হলেও নিয়োগকর্তাদের জন্য থাকছে আরও একটি সুযোগ। ৯ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত বাংলাদেশ সময় অনুযায়ী অনলাইন পোর্টাল পুনরায় চালু থাকবে। এ সময় আগে থেকে তৈরি করা আবেদনপত্রের অসম্পূর্ণ অংশ পূরণ, প্রয়োজনীয় তথ্য সংযোজন এবং ভুল সংশোধন করা যাবে।

এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ শুরু করেছেন, শুধু তারাই দ্বিতীয় দফায় এই সুবিধা পাবেন। নতুন করে আবেদনপত্র তৈরি করার সুযোগ থাকবে না। ৮ ডিসেম্বর পোর্টালের সংশ্লিষ্ট অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

আবেদন জমার জন্য চারটি নির্দিষ্ট তারিখ
আবেদনপত্র পূরণ এবং চূড়ান্তভাবে জমা দেওয়ার প্রক্রিয়া এক নয়। কাজের খাত অনুযায়ী নির্ধারিত দিনে নিয়োগকর্তাদের আবেদন পাঠাতে হবে। ২০২৭ সালের জন্য চারটি আলাদা তারিখ ঘোষণা করেছে ইতালি সরকার।

তারিখগুলো হলো,

১২ জানুয়ারি ২০২৭: কৃষি খাতের মৌসুমি কর্মী।
৯ ফেব্রুয়ারি ২০২৭: পর্যটন খাতের মৌসুমি কর্মী।
১৬ ফেব্রুয়ারি ২০২৭: অমৌসুমি চাকরির কর্মী।
১৮ ফেব্রুয়ারি ২০২৭: পারিবারিক পরিচর্যার কাজে নিয়োজিত কর্মী।

নির্ধারিত প্রতিটি দিনে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে আবেদন জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

বিদেশি কর্মীর হয়ে আবেদন করবেন নিয়োগকর্তা
ইতালিতে চাকরির জন্য কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিটের আবেদন সরাসরি বিদেশি কর্মী করতে পারবেন না। এ দায়িত্ব পালন করতে হবে ইতালিতে থাকা নিয়োগকর্তাকে। তিনি নিজে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রয়োজনে অনুমোদিত পেশাজীবী অথবা সংশ্লিষ্ট সংগঠনের সহায়তাও নিতে পারবেন।

অর্থাৎ, ইতালিতে কাজ করতে আগ্রহী বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রথমেই একজন নিয়োগকর্তার মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়া প্রয়োজন।

খাতভিত্তিক কর্মী নিয়োগের সংখ্যা
ইতালি সরকারের ২০২৭ সালের কর্মী নিয়োগ পরিকল্পনায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মীর জন্য অনুমোদন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ রাখা হয়েছে মৌসুমি কাজের ক্ষেত্রে।

খাতভিত্তিক বরাদ্দ হলো,

অমৌসুমি চাকরি: ৭৬ হাজার ২০০ জন।
মৌসুমি কাজ: ৮৯ হাজার জন।
স্বনিয়োজিত কাজ: ৬৫০ জন।

নিয়োগ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে। তবে সংশ্লিষ্ট খাতে নির্ধারিত কর্মীসংখ্যার কোটা অবশিষ্ট থাকা সাপেক্ষে আবেদন গ্রহণ করা হবে।

তাই ইতালিতে কর্মী নিয়োগে আগ্রহী নিয়োগকর্তাদের পাশাপাশি দেশটিতে চাকরি প্রত্যাশীদেরও নির্ধারিত সময়সূচি সম্পর্কে ধারণা রাখা জরুরি। বিশেষ করে আবেদনপত্র পূরণ, সংশোধন এবং চূড়ান্তভাবে জমা দেওয়ার সময়সীমা আলাদা হওয়ায় বিষয়গুলোতে সতর্ক থাকা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *