সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সবশেষ

ভিসাপ্রত্যাশীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী বা এজেন্সির সহায়তা নিতে গিয়ে বাড়তি অর্থ খরচ না করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে আবেদনপত্রে দেওয়া প্রতিটি তথ্যের সত্যতা ও নির্ভুলতা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের বলে জানিয়েছে দূতাবাস।

সোমবার (১৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে এসব নির্দেশনা তুলে ধরে মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, ভিসার আবেদন করার সময় জমা দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা আবেদনকারীকে নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে অন্য কারও ওপর পুরোপুরি নির্ভর না করে নিজের আবেদন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজেই নির্ধারণ করার কথা বলেছে দূতাবাস। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য কিংবা বন্ধুর সহযোগিতা নেওয়া যেতে পারে।

ভিসা প্রক্রিয়ায় তৃতীয় পক্ষের সম্পৃক্ততা এবং অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয়েও সতর্ক করেছে মার্কিন দূতাবাস। ভিসাসংক্রান্ত কাজের জন্য মধ্যস্বত্বভোগী বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেবা নেওয়া এবং এ জন্য বাড়তি ফি পরিশোধ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের এই বার্তার মূল লক্ষ্য হলো, ভিসা আবেদনকারীরা যেন নিজেদের আবেদনপ্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকেন, তথ্যের নির্ভুলতা বজায় রাখেন এবং অপ্রয়োজনীয় মধ্যস্থতাকারীর পেছনে অর্থ ব্যয় না করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *