মালয়েশিয়ার বন্দিশিবিরে কেটে গেছে দীর্ঘ ১১ বছর। এই সময়ে পরিবার জানত না, তাদের প্রিয় মানুষটি বেঁচে আছেন, নাকি হারিয়ে গেছেন চিরতরে। অবশেষে সন্ধান মিলেছে মালয়েশিয়ায় আটক থাকা বাংলাদেশি শাহজামালের পরিবারের। বিষয়টি সামনে আসার পর তাকে শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শাহজামালের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রামে। পরিবারের আর্থিক সংকট দূর করার আশায় ২০১৬ সালে বৈধভাবে চাকরি নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন ৪০ বছর বয়সী এই প্রবাসী। কিন্তু দেশটিতে পৌঁছানোর মাত্র তিন দিনের মাথায় ছিনতাইকারীদের কবলে পড়ে হারান পাসপোর্টসহ সঙ্গে থাকা সবকিছু।
এর কয়েক দিন পর মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি। ভাষাগত সমস্যার কারণে নিজের পরিচয় ও নাগরিকত্ব যথাযথভাবে জানাতে পারেননি শাহজামাল। পাসপোর্ট না থাকায় তাকে বাংলাদেশি নাগরিকের পরিবর্তে মিয়ানমারের নাগরিক হিসেবে নথিভুক্ত করে কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে। পরিচয়সংক্রান্ত এই ভুলের কারণে দীর্ঘ ১১ বছর ধরে বন্দিজীবন কাটাতে হচ্ছে তাকে।
এদিকে শাহজামালের অপেক্ষায় থাকা পরিবারেও নেমে এসেছে একের পর এক দুর্যোগ। নদীভাঙনে হারিয়ে গেছে তাদের বসতভিটা। ছেলের কোনো খোঁজ না পেয়ে শোকে তিন বছর আগে মারা গেছেন বাবা বাছির আলী।
সংবাদ প্রকাশের পর পরিবারের সন্ধান
শাহজামালের দীর্ঘ বন্দিজীবনের বিষয়টি নিয়ে রোববার প্রবাস কথায় ‘১১ বছর ধরে মালয়েশিয়ার বন্দিশিবিরে শাহজামাল, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। একই সঙ্গে প্রতিবেদনটি প্রকাশ করে কয়েকটি জাতীয় গণমাধ্যম। পরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি এবং দেশের বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে প্রতিবেদনটি কুড়িগ্রামের সুখেরবাতি গ্রামে থাকা শাহজামালের পরিবারের নজরে আসে। পরে তার বড় ভাই বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। এতে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা পরিবারটির সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (লেবার) মো. সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবাসীদের কল্যাণে কাজ করা মেহেদী হাসানের মাধ্যমে শাহজামালের মূল পাসপোর্টের ফটোকপি তার হাতে এসেছে। সেটির ভিত্তিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
শাহজামালকে খুঁজে বের করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহজামাল মালয়েশিয়ার পেরাক জেলার একটি বন্দিশিবিরে আটক রয়েছেন। তবে তার অবস্থান ও পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
১১ বছর ধরে স্বামীর অপেক্ষায় স্ত্রী
শাহজামালের স্ত্রী গোলাপী বেগমের কাছে ২০১৬ সাল যেন থমকে আছে। স্বামী যখন মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন, তখন তার গর্ভে ছিল সন্তান। এরপর থেকে স্বামীর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। সেই অনাগত সন্তান এখন ১১ বছরের।
দীর্ঘ সময় ধরে স্বামীর অপেক্ষায় দিন কাটছে গোলাপী বেগমের। অন্যদিকে ছেলের ফিরে আসার আশায় বুক বেঁধে আছেন তার মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, ছেলের শোকে তার স্বামী বাছির আলী তিন বছর আগে মারা গেছেন। নদীভাঙনে হারিয়েছেন বসতভিটাও। এখন জীবনের শেষ চাওয়া, মৃত্যুর আগে একবার ছেলের মুখ দেখা।
১১ বছর আগে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া শাহজামালের জীবনে কী ঘটেছে, তার পূর্ণাঙ্গ তথ্য এখনো জানা যায়নি। তবে পরিবারের সন্ধান পাওয়া এবং দূতাবাসের উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্বজনেরা। দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে শাহজামাল কবে নিজের পরিবারে ফিরতে পারবেন, এখন সেই প্রতীক্ষায় দিন গুনছে তার পরিবার।








