সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সবশেষ

বিদেশফেরত প্রবাসীদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকার ঋণ, সুদ সর্বোচ্চ ৮ শতাংশ

বিদেশ থেকে দেশে ফিরে নতুন করে জীবিকা শুরু করতে আগ্রহী প্রবাসীদের জন্য তিন হাজার কোটি টাকার ঋণ সহায়তা দিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তিন ধাপে এ অর্থ বিতরণে বাংলাদেশ ব্যাংক প্রাক্‌-অর্থায়ন কর্মসূচি পরিচালনা করছে। এ ঋণের আওতায় গ্রাহক পর্যায়ে সুদের হার সর্বোচ্চ ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অর্থমন্ত্রী জানান, বিদেশফেরত কর্মীদের আর্থিকভাবে পুনর্বাসন এবং দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ঋণ কর্মসূচি চালু রয়েছে। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকেই বিদেশ থেকে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনে ঋণ সহায়তা দিয়ে আসছে।

কোন খাতে বিনিয়োগ করা যাবে
বিদেশফেরত প্রবাসীরা যাতে দেশে ফিরে নিজেরাই ব্যবসা বা উৎপাদনমুখী উদ্যোগ গড়ে তুলতে পারেন, সে লক্ষ্যেই তিন পর্যায়ে এ ঋণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক প্রতি পর্যায়ে এক হাজার কোটি টাকা করে মোট তিন হাজার কোটি টাকা প্রাক্‌-অর্থায়ন ঋণ দিয়েছে।

এ অর্থ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য, ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।

অর্থমন্ত্রীর তথ্যমতে, কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তৃতীয় পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে।

এ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার ৩০৩ জন ঋণ সুবিধা পেয়েছেন। এর মাধ্যমে বিদেশগমনেচ্ছু ও বিদেশফেরত কর্মীদের আত্মকর্মসংস্থান এবং পুনর্বাসনের সুযোগ তৈরি হয়েছে।

তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকার অর্থায়ন
শুধু বিদেশফেরত কর্মী নয়, নতুন উদ্যোক্তা তৈরিতেও বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা, তাদের উদ্যোগ চিহ্নিত করা এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘উদ্যোগ’ কর্মসূচি।

এ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তারা তাদের প্রয়োজন ও মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ পেতে পারেন। পাশাপাশি সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদানের সুযোগ রয়েছে। অর্থাৎ ঋণ ও অনুদান মিলিয়ে একজন উদ্যোক্তার জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকার সমন্বিত অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে। কর্মসূচিটি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ তহবিল ৫০০ কোটি টাকা
নতুন উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের পুনঃঅর্থায়ন কর্মসূচির তহবিলও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নিজস্ব অর্থায়নে পরিচালিত এ তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে।

এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ। অন্যদিকে, জামানত দিতে পারলে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

সরকারের এসব উদ্যোগের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের দেশে পুনর্বাসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণে অর্থায়নের সুযোগ বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *