শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সবশেষ

ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল কাতারপ্রবাসী প্রকৌশলীর

দুই মাসের ছুটিতে দেশে ফিরেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে ছুটি শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ডেঙ্গু জ্বর কেড়ে নিল তার প্রাণ। আট মাসের ছোট্ট মেয়েকে রেখে চিরবিদায় নিতে হলো এই প্রবাসীকে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ।

নিহত নেজাম উদ্দিন পারভেজ বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া এলাকার নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পরিবারে স্ত্রী ও আট মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে তার।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে ব্যবসা করতেন তিনি। প্রবাসে যাওয়ার পর এর আগে তিনবার দেশে এসেছিলেন। এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটিতে দেশে ফেরেন। তবে ছুটি কাটিয়ে আর কর্মস্থলে ফেরা হয়নি তার।

পারভেজের বাবা আহম্মদ নবী জানান, পাঁচ দিন আগে জ্বরে আক্রান্ত হন তার ছেলে। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন পারভেজ।

মৃত্যুর আগে হাসপাতালের শয্যায় করা তার শেষ কথাগুলো এখন স্বজনদের কাছে এক হৃদয়বিদারক স্মৃতি হয়ে আছে। পারভেজের ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন জানান, মৃত্যুর আশঙ্কা বুঝতে পেরে হাতের ইশারায় তাকে কাছে ডাকেন পারভেজ। এরপর নিজের ডান হাতটি গিয়াস উদ্দিনের বুকের ওপর রেখে বলেন, ‘আমি মনে হয় বাঁচব না। আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম।’

গিয়াস উদ্দিন আরও জানান, দুই বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন পারভেজ। স্ত্রী আছমিরা মেহনাজের সঙ্গে তাদের আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের নাম ফারহিনানা পারভেজ আয়রা।

একটি পরিবারের বড় ছেলে, স্ত্রী ও শিশুকন্যার অভিভাবক পারভেজের এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুই মাসের ছুটি শেষে কাতারে ফিরে নতুন করে কর্মজীবন শুরুর যে পরিকল্পনা ছিল, তা আর পূরণ হলো না। শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *